মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষে তিন আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার সিপাহিপাড়া–দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রলির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সানিয়াত ও সাকিব মারা যান। গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউল করিম বলেন, তুর্জয় মাঝিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

