এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম.রশিদুজ্জামান মিল্লাত বলেছেন আমাদের সরকার জনসাধারনের কল্যানে কাজ করতে যায়। আগামী বাজেটের পর সারা দেশের ন্যায় বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় ব্যাপকহারে উন্নয়ন কাজ শুরু হবে। তিনি বলেন আমাদের সরকারকে কেউ বিরক্ত করতে চাইলে আপনারা প্রতিরোধ করবেন। আমরা জনসাধারণের কল্যানে কাজ করে বুঝিয়ে দিবো যারা আমাদের ধানের শীষে ভোট দেননি তারা যেনো আফসোস করেন।
২৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম.রশিদুজ্জামান মিল্লাত এ সব কথা বলেন।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম.রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেন, আমি নির্বাচনের আগে নির্বাচনী সভায় যে সকল ওয়াদা দিয়ে ছিলাম প্রতিটি ওয়াদাই পালন করবো। আমার নির্বাচনী এলাকায় কোন সমস্যা থাকবেনা। বেকাররা কর্ম সংস্থানের সুযোগ পাবে। দলীয় নেতা কর্মীরা জনসাধারণের কল্যানে কাজ করে জনপ্রিয় ও জনবান্ধব নেতা হওয়ার সুযোগ পাবে। তিনি বলেন প্রতিটি নির্বাচনী কমিটির সাথে বসে এলাকার উন্নয়নে কাজ করা হবে। প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান একদম ছিলোনা। আমাদের সরকার ভূয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা ও তাদের প্রজন্মদের যত দিন বাংলাদেশ থাকবে ততদিন ভাতা দেওয়া হবে।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের পূর্বে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা করেন।অনুষ্ঠানে দলীয় নেতা কর্মী, সুশীল সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা প্রতিমন্ত্রী এম.রশিদুজ্জামান মিল্লাতকে ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে দলীয় নেতা কর্মী ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা, সাধারণ জনগণ ও মহিলারা উপস্থিত ছিলেন।

