প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, “বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে বা আইনশৃঙ্খলা ভঙ্গ করতে চাইবে, তাদের কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে যারা অনৈতিকভাবে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদেরও এই সরকার কঠোর পদক্ষেপ নেবে।”
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যারা পতিত স্বৈরাচারের পার্টি, তারা স্বেচ্ছায় নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। তারা রাজনৈতিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারত, কিন্তু তারা তা না করে নিজেদের কর্মীসহ রাইফেল-পিস্তল নিয়ে নেমে এসেছে এবং সাধারণ মানুষকে লক্ষ্য করেছে।”
তিনি আরও বলেন, “তাদের ধারণা ছিল, অনেক মানুষকে হত্যা করলে সবাই দীর্ঘদিন চুপ থাকবে। এখন দেখা যাচ্ছে, তারা নিজেরাই নিজেদের রাজনৈতিক পরিসর থেকে দূরে চলে গেছে।”

