সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই হাজারেরও বেশি কৃষক ও কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, “তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।”
শুক্রবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
জ্বালানি তেল প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও একটি মহল কৃত্রিম সংকট তৈরি করছে, যার ফলে চাহিদা বেড়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও সরকার ভর্তুকির মাধ্যমে দেশের বাজার স্থিতিশীল রেখেছে, ফলে দেশে এখনো তেলের দাম বাড়েনি।
প্রতিমন্ত্রী জানান, কৃষি খাতকে শক্তিশালী করতে সরকার ধারাবাহিকভাবে প্রণোদনা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।
বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন কৃষকরা। তাদের মতে, এ ধরনের সহায়তা কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

