জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রায় ২শ’ কোটি টাকা ভর্তুকি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে সরকার। পাশাপাশি তেল মজুতকারীদের বিরুদ্ধে অভিযান চালানোরও ঘোষণা দেওয়া হয়েছে।
বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি এসব কথা জানান।
বৈঠকে জানানো হয়, বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতির কারণে তৈরি অস্থিরতার মধ্যেও দেশে জ্বালানি সরবরাহে কোনো সংকট নেই। সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।
চিফ হুইপ আরও বলেন, জ্বালানি তেল চোরাচালান রোধ ও বাজারে দাম স্থিতিশীল রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ঈদযাত্রায় ঘটে যাওয়া দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে স্পিকারের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। সংসদীয় দলের আগামী বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

