লালমনিরহাট প্রতিনিধি :
মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (সকাল ১০টা) বড়বাড়ী ইউনিয়ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, দেশে মশাবাহিত রোগ শুধু রাজধানী ঢাকা–তে সীমাবদ্ধ নেই, বরং তা এখন গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে কোথাও যেন আবর্জনা বা নোংরা পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গুর উৎপত্তিস্থল ধ্বংসে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রশাসনের উদ্যোগে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে, যাতে বাড়িঘর, দোকানপাট ও রাস্তাঘাটে কোথাও পানি জমে না থাকে এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে।
এসময় উপস্থিত ছিলেন এইচ এম রকিব হায়দার, মো. রাজীব আহসান, মনোনীতা দাস, মতিন, নাজমুল হুদা লিমন, এবিএম ফারুক সিদ্দিকী ও রঞ্জিত কুমারসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
র্যালি শেষে বড়বাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

