কুষ্টিয়ার মিরপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব রেজিস্ট্রার কার্যালয় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (৯ মার্চ) সকালে অফিস খোলার সময় বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার রাতের কোনো এক সময় তিনটি দফতরে একযোগে চুরি হয়েছে। চোর চক্র দফতরের দরজা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করেছে। নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় পাওয়া গেছে, তবে কোনো গুরুত্বপূর্ণ নথি চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনার তদন্তে কাজ করছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

