শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বেসরকারি স্কুল-কলেজে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন।
রোববার (১ মার্চ) তিনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলামকে এ নির্দেশনা দেন। আলোচনায় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও এনটিআরসিএর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশ নেওয়া এনটিআরসিএর এক কর্মকর্তা জানায়, শিক্ষামন্ত্রী এপ্রিলের মধ্যে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ কার্যক্রম শেষ করার পরামর্শ দিয়েছেন। তিনি জুন মাসের মধ্যে ভাইভা সম্পন্ন করে নিয়োগ চূড়ান্ত করার তাগাদা দিয়েছেন। এনটিআরসিএ চেয়ারম্যান এই পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় প্রতিষ্ঠান প্রধান পদে ৮৬ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। নিয়োগের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা সম্ভবত আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। শনিবার এনটিআরসিএর সূত্র জানিয়েছে, মোট আবেদনকারী সংখ্যা ৮৬,৪৪৩ জন। গত বৃহস্পতিবার আবেদনের সময়সীমা শেষ হয়েছে, এবং শুক্রবার ছিল আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন।

