সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী আবির্ভাব ও রাস উৎসব সোমবার (১০ নভেম্বর) দুপুরে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হয়েছে। শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৪তম আবির্ভাব তিথি উপলক্ষে গত ৬ নভেম্বর থেকে এ উৎসব শুরু হয়।
উৎসবকে ঘিরে দেশ-বিদেশের ভক্ত ও পূণ্যার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সমাগম ঘটে। আয়োজকরা জানিয়েছেন, এ পাঁচ দিনে আনুমানিক আট লক্ষাধিক ভক্ত ও দর্শনার্থী আশ্রম প্রাঙ্গণ ও রাসমেলায় অংশগ্রহণ করেন।
সমাপনী দিনে নগরকীর্তন, কুঞ্জভঙ্গ ও পরিক্রমা শেষে গুরুপূজা এবং মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়। উৎসবকে ঘিরে আশ্রম সংলগ্ন এলাকায় বসে ঐতিহ্যবাহী রাসমেলা, যা এখনও চলছে।
কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, “হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠান হলেও এটি এ অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহ্য। নির্বিঘ্নে উৎসব সম্পন্নের জন্য প্রশাসনের পাশাপাশি আমাদের আড়াইশো স্বেচ্ছাসেবক কাজ করেছে।”
আবির্ভাব উৎসবের কর্মী প্রধান রতন কর জানান, বিভিন্ন রাজনৈতিক দল, স্থানীয় জনগণ ও মুসলিম সম্প্রদায়ের অনেকেই উৎসব সফল করতে সহযোগিতা করেছেন।
শ্রীগুরু সংঘের সহ-পরিকল্পনা ও গবেষণা সম্পাদক সজল দে বলেন, “লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি সত্ত্বেও এবারের আয়োজন অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

