ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কার্যক্রম অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনের বিষয়ে আজ সচিবালয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদের অধিবেশন আহ্বানের সময় নির্ধারণ সংক্রান্ত আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন কমপক্ষে ১৫ দিন আগে জারি করবেন। এই প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রয়োজনীয় তথ্য পাঠানো হবে। সেই অনুযায়ী আগামী ১২ মার্চ অধিবেশন শুরু হবে।
তিনি আরও জানান, এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। এছাড়া সংসদের নিয়মিত কার্যক্রমও পরিচালিত হবে।
রাজধানীর আদাবরে একটি অফিসে সন্ত্রাসী কর্মকাণ্ডের খবরের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদন তাদের কাছে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

