আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের তৃতীয় দিনের সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সোমবার (১৭ নভেম্বর) জামায়াতে ইসলামীসহ মোট ১২টি রাজনৈতিক দলকে আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টায় সংলাপের প্রথম পর্ব শুরু হবে, যা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এই পর্বে অংশ নেবে ছয়টি দল—বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।
দ্বিতীয় পর্বেও দুই ঘণ্টাব্যাপী আলোচনায় অংশ নেবে আরও ছয়টি দল। এ তালিকায় রয়েছে—বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপ আয়োজনের অংশ হিসেবেই এ আলোচনা করছে। সংলাপের প্রথম দিনে ১২টি দলের সঙ্গে মতবিনিময় হয়েছে। রোববারও আরও ১২ দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে, বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের ঘোষণা দেন।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা পঞ্চাশেরও বেশি। ধাপে ধাপে সব দলের সঙ্গে সংলাপ করার পরিকল্পনা জানিয়েছে ইসি।

