বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং তেলের কোনো সংকট নেই। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, “আগামী ৯ মার্চ দেশে আরও দুইটি তেলবাহী ভেসেল আসছে। তাই তেলের অভাবের কোনো আশঙ্কা নেই। বৈশ্বিক পরিস্থিতি বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে আমাদের দেশে পর্যাপ্ত মজুত রয়েছে।”
তিনি আরও বলেন, “সরকার সতর্কতার অংশ হিসেবে সীমিত আকারে রেশনিং ব্যবস্থা চালু করেছে। কিন্তু মানুষ এই রেশনিং দেখে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত করার চেষ্টা করছে, যা পরিস্থিতিকে জটিল করছে। সাধারণ নাগরিকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রতিটি পেট্রোল পাম্পে তেল সরবরাহ হচ্ছে এবং প্রয়োজন হলে মোবাইল কোর্টের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
মন্ত্রী জনসাধারণকে আহ্বান জানিয়ে বলেন, “আগে থেকেই তেল মজুত করার দরকার নেই। আমরা পর্যাপ্ত তেল মজুদ রাখছি। মানুষের আতঙ্কিত হওয়া স্বাভাবিক, কিন্তু তেলের কোনো অভাব নেই। আমাদের কাছে নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে এবং পরিস্থিতি মনিটর করা হচ্ছে।”
এছাড়া তিনি জানান, দেশে এলএনজি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। সরকার বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো সংকট না ঘটে।
মন্ত্রী শেষ করেন, “আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সবাইকে সতর্ক থাকতে হবে এবং সচেতনভাবে জ্বালানি ব্যবহার করতে হবে।”

