ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী, তারা চায় আমাদের মেয়েরা যেন স্কুল কলেজে না যায়, তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকা ঢোলারহাট ইউনিয়নে জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না; তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে। এ সময় জামায়াত আমিরের সাম্প্রতিক এক ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টের বিষয়ে তিনি বলেন, আমীর যদি নারীবিদ্বেষী এমন মন্তব্য করে থাকেন, তবে তিনি অন্যায় করেছেন। যাদের কাছে নারীদের আত্বসম্মানবোধ নেই,তাদের কাছে কখনো দেশ নিরাপদ হতে পারে না।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন যে, জামায়াত হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে। তবে তিনি সবাইকে নির্ভয় ও সাহসের সঙ্গে চলার আহ্বান জানান। ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের এই প্রার্থী বলেন, দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। বিএনপি সব দলকে নিয়ে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ চায় এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, দেশ এখন আপনাদের হাতে, তাই সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না। বিএনপিকে সরকার গঠন করতে সহায়তা করতে হবে।

