আজ (১৭ ফেব্রুয়ারি) রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতার হস্তান্তরের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হচ্ছে। দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে নতুন সরকারের কাঁধে চাপতে যাচ্ছে ২৩ লাখ ২৫ হাজার ১৫৫ কোটি টাকার ঋণের বোঝা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত বছরের ব্যাংকিং উৎস থেকে সরকারি ঋণের প্রবৃদ্ধি ৩২ শতাংশেরও বেশি। এই পরিস্থিতিতে নতুন সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই অর্থনীতির বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশি ও বিদেশি উৎস থেকে নেওয়া সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২২ লাখ ৫০ হাজার ৯০৪ কোটি টাকায়। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে সরকার ব্যাংকিং উৎস থেকে ৬১ হাজার ১৪৮ কোটি টাকা ঋণ গ্রহণ করেছে।
এছাড়া নিট বৈদেশিক ঋণ ১০৭ কোটি ৪০ লাখ ডলার, যা প্রতি ডলারের হারে ১৩ হাজার ১০৩ কোটি টাকার সমান। এতে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে দেশি ও বিদেশি উৎস থেকে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ হাজার ২৫১ কোটি টাকা।
গত ডিসেম্বর পর্যন্ত সব মিলিয়ে সরকারের ঋণের পরিমাণ ২৩ লাখ ২৫ হাজার ১৫৫ কোটি টাকা ছাড়িয়েছে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের যাত্রা সমাপ্ত হয়ে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের পথচলা শুরু হচ্ছে।

