দক্ষিণ ভারতীয় সুপারস্টার থালাপতি বিজয় অভিনয়কে বিদায় জানাচ্ছেন। তার শেষ সিনেমা ‘জন নায়াগান’ আগামী বছরের ৯ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। শনিবার (২৭ ডিসেম্বর) মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে সিনেমার গান প্রকাশ অনুষ্ঠানে ৯০ হাজার ভক্ত উপস্থিত ছিলেন।
বিজয় বলেন, শ্রীলঙ্কার পর মালয়েশিয়ায় বিশ্বের সবচেয়ে বড় তামিল জনগোষ্ঠী রয়েছে এবং এখানে তার বেশ কয়েকটি সিনেমার শুটিং হয়েছে। তিনি আরও জানান, ভক্তদের জন্যই তিনি সিনেমা থেকে সরে যাচ্ছেন এবং রাজনীতিতে নিজেকে উত্সর্গ করবেন।
প্রসঙ্গত, বছর খানেক আগে বিজয় তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) নামে একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি ভক্তদের উদ্দেশে বলেন, জীবনে সফল হতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রয়োজন এবং ছোট ভালো কাজ ভবিষ্যতে সাহায্য করবে।

