সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরের সংবাদ প্রকাশের জের ধরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতি সামিউল মনিরের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত অবস্থায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুরে সাতক্ষীরা শ্যামনগর উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।সামিউল মনির শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি।
প্রত্যক্ষদর্শীসহ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে অবস্থানরত জুবায়ের মাহমুদ, মিজানুর রহমানসহ অন্যান্যরা জানায়, সোমবার দুপুরে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুর ইসলাম আঙ্গুর, যুবদল নেতা মিজান, মফু খাঁ সহ যুবদল নেতাকর্মীরা শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘শ্যামনগরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে একটি মিছিল বের করে। মিছিলটি প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে প্রেসক্লাব সভাপতি সামিউল আযম ইমাম মনিরের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক চোরাচালানসহ নানা মিথ্যা অভিযোগ তোলা হয়।
এক পর্যায়ে মানববন্ধন চলাকালীন হঠাৎ করে যুবদল সদস্য সচিব আঙুর, বাবলু, মিজান, মতলেব সহ ২৫/৩০ জন নেতাকর্মী প্রেসক্লাব ভবনে ঢুকে পড়েন। এসময় তারা প্রেসক্লাবে অবস্থানরত সভাপতি সামিউল মনিরের ওপর অতর্কিত হামলা চালায়।এসময় উপস্থিত সাংবাদিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদেরও ধাক্কাধাক্কি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য , হামলাকারীরা সভাপতিকে মারতে মারতে প্রেসক্লাব চত্বরের বাইরে নিয়ে ইট, হাতুড়ি সহ দেশীয় অস্ত্র দিয়ে মারধর করেন।
পরে পুলিশের সহয়তায় আহত সভাপতিকে তাৎক্ষণিকভাবে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির জানান, মনিরের মাথার বাম পাশে শক্ত কিছু দিয়ে গুরুতর আঘাত করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি ও লোহার রডের আঘাতের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক জানান, ঘটনার ব্যাপারে আমি জেনেছি, থানায় অবহিত করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনাটি শুনে ফোর্স পাঠিয়েছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে ।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সচেতন মহল মনে করছেন, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
প্রসঙ্গত: গত ২৩ শে ফেব্রুয়ারী দৈনিক সমকাল পত্রিকায় সামিউল মনির “যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতক্ষ নদের বালু লুট” শিরোনামে সংবাদ প্রকাশ পায়। এরপর থেকে সমকাল প্রতিবেদক ও প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেয়া হচ্ছিল।
এদিকে সামিউল মনিরের উপর হামলার ঘটনায় শ্যামনগরে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় গণমাধ্যমকর্মীরা প্রেসক্লাবের মতো একটি পেশাজীবী সংগঠনের কার্যালয়ে ঢুকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা ।

