হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, এ পথ দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তা লক্ষ্য করে হামলা চালানো হবে।
মঙ্গলবার (৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
আইআরজিসির শীর্ষ উপদেষ্টা ইব্রাহিম জাবারি বলেন, হরমুজ প্রণালি এখন ‘বন্ধ’। কেউ সেখানে দিয়ে অতিক্রমের চেষ্টা করলে আইআরজিসি ও ইরানের নৌবাহিনী তা ধ্বংস বা আক্রমণ করবে।
বিশ্বের মোট জ্বালানি তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে হয়ে থাকে। ফলে এ রুট কার্যত বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়া এবং সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
হরমুজ প্রণালি ব্যবহার করে সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। তাই পরিস্থিতির প্রভাব আঞ্চলিক বাণিজ্যেও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে চলমান সংঘাতের কারণে প্রণালির পার্শ্ববর্তী দেশ ওমান ঘিরেও পরিবহন ঝুঁকি বেড়েছে, বিশেষ করে ওমান উপসাগরীয় রুটে।

