রাজধানীতে ট্রাকের চাপায় শাহ আলম (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (১ মার্চ) দিবাগত রাত প্রায় ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারখানার মালিক জুবায়ের হোসেন জানান, রাত সাড়ে ১১টার দিকে শনির আখড়ার জাপানি বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক শাহ আলমকে চাপা দেয়। পরে স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
তিনি আরও বলেন, জাপানি বাজার এলাকায় তার মানিব্যাগ তৈরির কারখানায় কাজ করত শাহ আলম। তার বাড়ি মাধবপুর উপজেলার বরাগ গ্রামে। সে কারখানাতেই থাকত এবং রাতে খাবার খেতে বের হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কদমতলী থানা পুলিশ তদন্ত শুরু করেছে।

