জাহাঙ্গীর আলম,উপজেলা প্রতিনিধি :
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামসহ প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসাররা মঙ্গলবার দুপুর থেকেই উপজেলা পরিষদ চত্বর থেকে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন।
প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে তাদের দায়িত্বপ্রাপ্ত টিমও কেন্দ্রে যাচ্ছেন। প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সঙ্গে রয়েছেন। প্রতিটি কেন্দ্রে নির্ধারিত সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
নির্বাচন উপলক্ষে মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় মির্জাপুর উপজেলায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

