গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে—এমন অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
শুক্রবার (৩ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়ার কথা শোনা যাচ্ছে, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে তদন্ত বা গ্রেপ্তারের ক্ষেত্রে আগাম অনুমতির শর্ত যুক্ত হতে পারে।
তাসনিম জারা মনে করেন, এ ধরনের বিধান কার্যকর হলে গুম সংক্রান্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত ব্যাহত হতে পারে এবং রাষ্ট্রের জবাবদিহি দুর্বল হয়ে পড়বে। তার মতে, আইনের চোখে সবাই সমান—এই মৌলিক নীতির সঙ্গে এমন সিদ্ধান্ত সাংঘর্ষিক।
তিনি আরও দাবি করেন, অতীতে গুমের অভিযোগে অনেক পরিবার ন্যায়বিচার না পাওয়ার অভিজ্ঞতা রয়েছে, তাই নতুন কোনো বিধান যেন বিচারপ্রক্রিয়াকে আরও দুর্বল না করে—সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

