জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম–এর বাসায় সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৭টায় তারেক রহমান জামায়াতের আমিরের বাসভবনে যাবেন। এরপর রাত ৮টায় তিনি নাহিদ ইসলামের বাসায় যাবেন। নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবেই এ বৈঠকগুলো অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। জোটের শরিকরা পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে আগামী সংসদে বিএনপি জোটের মোট আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২। এছাড়া আরও দুটি আসনে বিএনপির জয়লাভের সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও তাদের শরিকরা পেয়েছে ৭৭টি আসন। বাকি ৮টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনভর ভোটগ্রহণ শেষে পর্যায়ক্রমে এসব আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

