অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর এটিই প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের পরিবেশ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত বছরের মে মাসে লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে উভয়ের মধ্যে সমঝোতা হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তার সঙ্গে দেশে আসেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এই শীর্ষ নেতা ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজনৈতিক অঙ্গনে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

