মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে পিতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে তিনি স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন।
তার আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পুরো প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, দুপুর ২টা ৫২ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হন তারেক রহমান। পথে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কারণে বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পৌঁছান। সেখানে শ্রদ্ধা ও দোয়া শেষে তিনি সাভারের উদ্দেশে যাত্রা শুরু করেন।
সূর্যাস্তের সময়সীমা বিবেচনায় আগে থেকেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মইন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। তবে দলীয় সূত্র অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানাতে তারেক রহমান নিজেও স্মৃতিসৌধে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

