দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বের হয়ে তিনি খালি পায়ে শিশিরভেজা ঘাসে দাঁড়িয়ে দেশের মাটি স্পর্শ করেন। পরে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজ রঙের একটি বাসে গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান। সংবর্ধনা মঞ্চে তিনি নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত জনতার উচ্ছ্বাসে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
সংবর্ধনা শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন মা বেগম খালেদা জিয়াকে দেখতে।
উল্লেখ্য, আগামীকাল (২৬ ডিসেম্বর) বাদ জুম্মা তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
পরবর্তী দিন, শনিবার (২৭ ডিসেম্বর), তিনি ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে নিবন্ধন করবেন এবং এরপর শেরেবাংলা নগরের পঙ্গু হাসপাতালে যোদ্ধাদের দেখতে যাবেন। একই দিন তিনি শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন।
২০০৮ সালে ওয়ান-ইলেভেন সরকারের সময় কারাগার থেকে মুক্তি পেয়ে যুক্তরাজ্যে প্রবাস জীবন যাপন করা তারেক রহমানের আজকের প্রত্যাবর্তনকে বিএনপির রাজনীতিতে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

