বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসন্ন গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের মূল্যায়নের জন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ারও অনুরোধ করেন।
তারেক রহমান বলেন, ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের সম্মান জানানো সম্ভব। তিনি বলেন, বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেটিকে সম্মান জানাতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, ৫ আগস্টের আন্দোলনে সাধারণ মানুষের যে ঐক্য তৈরি হয়েছিল, তা ধরে রাখতে হবে। একই সঙ্গে তিনি বলেন, অনিয়মিত বা বিতর্কিত নির্বাচনের সময় শেষ হয়ে গেছে এবং জনগণকে ভোটাধিকার প্রয়োগে সচেতন থাকতে হবে।
সমাবেশে রংপুর অঞ্চলের উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। তিনি জানান, রংপুরে কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা এবং ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের জন্য কর ছাড় দেওয়ার কথাও জানান তিনি।
কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ এবং কৃষি কার্ড চালুর পরিকল্পনার কথাও বলেন তারেক রহমান। তিনি জানান, কৃষকদের অন্তত একটি ফসলের বীজ ও কীটনাশক বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালুর কথাও উল্লেখ করেন তিনি।
সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

