৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়ে তিনি এখন ‘পিপলস চয়েস’ ভোটে প্রথম স্থানে অবস্থান করছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মিস ইউনিভার্সের অফিশিয়াল অ্যাপের তথ্য অনুযায়ী, মিথিলার ভোট সংখ্যা ছিল প্রায় ৩ লাখ ৮৮ হাজার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থাইল্যান্ডের ভোট প্রায় ৩ লাখ ৭৭ হাজার— অর্থাৎ ভোট যুদ্ধে বাংলাদেশ এগিয়ে রয়েছে শক্ত অবস্থানে।
পিপলস চয়েস ছাড়াও ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’, ‘মিস কনজেনিয়ালিটি’, ‘বেস্ট ইভিনিং গাউন’ ও ‘বেস্ট স্কিন’— এই বিভাগগুলোতেও এগিয়ে রয়েছেন মিথিলা।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, “এখন বাংলাদেশ এক নম্বরে। এটি শুধু আমার নয়, আমাদের সবার জয়। ১৯ নভেম্বর পর্যন্ত ভোট দিতে থাকুন— চলুন একসঙ্গে ইতিহাস গড়ি।”
তিনি আরও জানান, এখন থেমে গেলে চলবে না; শেষ দিন পর্যন্ত ভোট বজায় রাখতে হবে। সব বিভাগে আত্মবিশ্বাস নিয়ে এগোচ্ছেন তিনি এবং বিশ্বাস করেন— এবারের আসরে বাংলাদেশই পাবে সর্বোচ্চ সাফল্য।
মিথিলাকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন করছেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ অসংখ্য তারকা।
২০২৫ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ শিরোপা জেতা মিথিলা মডেলিং ও অভিনয়ের পাশাপাশি বাল্যবিবাহবিরোধী কার্যক্রম এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজের জন্য পরিচিত। ২০২০ সালে একই খেতাব জিতলেও করোনার কারণে আন্তর্জাতিক পর্বে যেতে পারেননি। এবার সেই সুযোগ ফিরে পেয়ে তিনি নতুন ইতিহাস লিখছেন—
মিস ইউনিভার্স মঞ্চে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্যের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।

