দিনাজপুর প্রতিনিধি :
প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। এর ফলে উত্তরের আট জেলায় পুনরায় জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হয়েছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শ্রমিকরা জ্বালানি তেল পরিবহন ও সরবরাহ কার্যক্রম পুনরায় শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান।
তিনি জানান, জেলহাজতে থাকা তিন শ্রমিককে মুক্তি এবং নীলফামারীর এনডিসি নিয়াজ ভুইয়াকে অপসারণের বিষয়ে প্রশাসন আশ্বাস দিয়েছে। ওই আশ্বাসের ভিত্তিতে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে বিকেলে পার্বতীপুরে শ্রমিক প্রতিনিধি ও প্রশাসনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু এবং ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নব কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
বৈঠকে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয় এবং সেগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, নীলফামারীতে জ্বালানি তেল চুরির অভিযোগে তিন শ্রমিককে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে এই কর্মবিরতি শুরু হয়েছিল। কর্মবিরতির কারণে উত্তরাঞ্চলের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

