সাতক্ষীরার কৃতি ক্রীড়াবিদ তাফশিরিন সুলতানা তুন্নি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ২০২৬ শিক্ষাবর্ষে ক্রিকেট বিভাগে (বালিকা) দীর্ঘমেয়াদী ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। রোববার বিকেএসেপি তার চূড়ান্ত তালিকা প্রকাশ করে, যেখানে তুন্নি দ্বিতীয় স্থানে রয়েছেন।
সাতক্ষীরার তালা উপজেলার মঙ্গলানন্দ কাটি গ্রামের কৃষক শেখ আব্দুল হামিদ ও গৃহিণী পারভীন আক্তারের ছোট মেয়ে তুন্নি ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহী। গ্রাম ও জেলা পর্যায়ে তার খেলার সাফল্য তাকে সুন্দরবন ক্রিকেট একাডেমিতে উন্নত প্রশিক্ষণের সুযোগ এনে দেয়। বোলিং ও ব্যাটিং উভয় ক্ষেত্রে পারদর্শী তুন্নি ভবিষ্যতে জাতীয় মহিলা ক্রিকেট দলে খেলার স্বপ্ন দেখছেন।
তার বড় বোন শিরিন সুলতানা মুন্নি জানান, তুন্নির এই সাফল্যের পেছনে পরিবার, প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মো. জোহরুল ইসলাম, কোচ জাহাঙ্গীর আলম স্বপন ও সুন্দরবন একাডেমির পরিচালক আলতাফ হোসেনের অবদান রয়েছে। সাতক্ষীরাবাসী তার এই অর্জনে গর্বিত ও ভবিষ্যতের জন্য দোয়া কামনা করছেন।

