হৃদয় চন্দ্র দাস | জেলা প্রতিনিধি | কুমিল্লা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে জনপদ। এই আসনে বৃহত্তর সুন্নিজোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মীর মো. আবু বকর ছিদ্দিক তাঁর নির্বাচনী প্রতীক ‘চেয়ার’ মার্কা নিয়ে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
আজ শুক্রবার সকাল থেকেই লাকসামের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই প্রচারণা চালানো হয়। প্রার্থীর সফরসূচি অনুযায়ী পশ্চিমগাঁও দরগাহ এলাকা থেকে গণসংযোগ শুরু হয়। এরপর পর্যায়ক্রমে তিনি আউশপাড়া, উত্তরদা এবং নাওটি এলাকায় পথসভা ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রচারের সময় মীর মো. আবু বকর ছিদ্দিক-এর সঙ্গে বৃহত্তর সুন্নিজোটের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। এ সময় ‘চেয়ার’ মার্কার সমর্থনে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে আউশপাড়া ও উত্তরদা এলাকা। পশ্চিমগাঁও দরগাহ এলাকায় জিয়ারত ও দোয়ার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন এবং লিফলেট বিতরণ করেন।
নাওটি বাজারে অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মীর মো. আবু বকর ছিদ্দিক বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা এবং ইনসাফ কায়েমের লক্ষে নির্বাচনে এসেছি। লাকসাম-মনোহরগঞ্জের মানুষ পরিবর্তন চায়, তারা শান্তি ও ন্যায়বিচার চায়। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে জনগণ ‘চেয়ার’ মার্কায় ভোট দিয়ে সুন্নিজোটকে বিজয়ী করবে।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হলে আমি এই এলাকাকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি মডেল জনপদ হিসেবে গড়ে তুলব এবং সুন্নি জনতার প্রত্যাশা পূরণে কাজ করে যাব।
স্থানীয় ভোটারদের মধ্যেও প্রার্থীর উপস্থিতি নিয়ে বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। বিশেষ করে ধর্মীয় মূল্যবোধ ও সৎ নেতৃত্বের প্রতিশ্রুতি দেওয়ায় সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া মিলছে বলে দাবি করেন সুন্নিজোটের কর্মীরা।
দিনব্যাপী এই কর্মসূচিতে লাকসাম ও মনোহরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুন্নিজোটের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। সন্ধ্যা পর্যন্ত এই গণসংযোগ চলে।

