আব্দুল্লাহ মুহসিন, পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নতুন মোড় নিয়েছে। ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (৩ এপ্রিল) বরিশাল ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। ফলে একাডেমিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।
জানা যায়, ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সব একাডেমিক ও প্রশাসনিক ভবন তালাবদ্ধ করে রাখেন। এর ফলে শনিবার (৪ এপ্রিল) নির্ধারিত পরীক্ষা খোলা মাঠে নিতে বাধ্য হন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা।
এ সময় শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে কথা বলতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক রুহুল আমিন তাদের উদ্দেশে দলীয় পরিচয় উল্লেখ করে হুমকি দেন।
তবে অভিযোগ অস্বীকার করে অধ্যাপক রুহুল আমিন বলেন, এটি কোনো হুমকি ছিল না; শিক্ষার্থীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এমন বক্তব্য দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন। পরবর্তীতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হলেও সমাধান না হওয়ায় আন্দোলন অব্যাহত রাখেন শিক্ষার্থীরা।

