মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মাহদী আমিন বলেন, স্বল্প খরচে ও স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠাতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে মালয়েশিয়াকে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সিন্ডিকেটমুক্ত করার আহ্বান জানানো হয়েছে।
তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে ইতিবাচক মনোভাব রয়েছে। শ্রমিক পাঠানো কবে শুরু হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি এখনও প্রক্রিয়াধীন এবং দ্রুত বাস্তবায়নের জন্য কাজ চলছে।
মামলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলাদেশ আইনের শাসনে বিশ্বাস করে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে এবং অপরাধীরা আইনি প্রক্রিয়ায় শাস্তি পাবে, নির্দোষরা সুবিচার পাবে।
‘ক্রেডিবল রিক্রুটমেন্ট এজেন্সি’ প্রসঙ্গে তিনি বলেন, এটি নতুন কোনো সিন্ডিকেট নয়। মালয়েশিয়ার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সব দেশ থেকেই এজেন্সি নির্বাচন করা হয়।
তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় রিক্রুটমেন্ট পরিচালনার মাধ্যমে অভিবাসন ব্যয় কমিয়ে আনা এবং আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই সরকারের লক্ষ্য।

