নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে, তবে উৎসবের এই দিনে সারা দেশে ঝড় ও বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, ঈদের দিন দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এই পরিস্থিতি তৈরি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। এই বৃষ্টির ফলে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুরসহ আটটি বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে জানানো হয়, যশোর, খুলনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী ২২ মার্চ থেকে বৃষ্টিপাতের এই প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।

