স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, হাদির হত্যাকারীদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছে। তিনি পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে ভারতকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আসামিদের ফেরত দিতে অনুরোধ করেছেন এবং এর জন্য জোর প্রচেষ্টা চালানো হবে।
সোমবার (৯ মার্চ) কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশে ‘মব কালচার’ আর কোনোভাবেই এগোতে দেবেন না এবং এটিকে দেশের মাটিতে বিলুপ্ত করা হবে ইনশাআল্লাহ।
মন্ত্রী আরও জানান, কোনো সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ বা সংঘবদ্ধ অপরাধীকে আইনের বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে, যা সরকারের প্রতিশ্রুতি এবং জনগণের প্রত্যাশা।
কক্সবাজারের নিরাপত্তা নিয়ে তিনি জানিয়েছেন, বিচ ম্যানেজমেন্ট কমিটি গঠন করে সৈকত এলাকায় শৃঙ্খলা বজায় রাখা হবে। শহরে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং টমটম নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া উখিয়া-টেকনাফ রুটে মাদক চোরাচালান বন্ধ করাও সরকারের লক্ষ্য।

