ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে নির্ধারিত প্রক্রিয়ার বাইরে প্রশ্ন উত্থাপন করতে চাওয়ায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে থামিয়ে দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
রোববার (১৫ মার্চ) সংসদীয় কার্যপ্রণালী অনুযায়ী জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে প্রশ্ন উত্থাপনের জন্য আহ্বান জানান স্পিকার। ঠিক সেই মুহূর্তে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নিজ আসন থেকে দাঁড়িয়ে কথা বলতে শুরু করেন।
ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “এই সংসদের প্রথম দিনের আলোচনায় আমরা স্বীকৃতি দিয়েছি যে, বিশেষ প্রেক্ষাপটে জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংসদ গঠিত হয়েছে। এই সংসদের কাছে জনগণের অনেক প্রত্যাশা। একই দিনে দুইটি ভোট অনুষ্ঠিত হয়েছে—সংসদ নির্বাচন ও গণভোট।”
তিনি বক্তব্য চালিয়ে যেতে চাইলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাকে থামিয়ে দেন। স্পিকার জানান, সংসদীয় রীতিনীতি অনুযায়ী বর্তমানে প্রশ্নোত্তর পর্ব চলছে। এ সময় নির্ধারিত প্রশ্নের বাইরে অন্য কোনো আলোচনা করার সুযোগ নেই। তিনি বিরোধীদলীয় নেতাকে আশ্বস্ত করে বলেন, “প্রশ্নোত্তর পর্ব শেষ হলে আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হবে।”
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী এই সংসদের কার্যক্রমকে ঘিরে শুরু থেকেই সরকারি ও বিরোধী দলের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। স্পিকারের এই কঠোর ও নিরপেক্ষ অবস্থান সংসদীয় শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন সংসদ সংশ্লিষ্টরা।

