আলোচিত দক্ষিণি অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন এবার বলিউডে পা রাখছেন। ২০১৭ সালে তেলেগু সিনেমা হ্যালো দিয়ে অভিনয় জীবন শুরু করা কল্যাণী, এই আট বছরে তেলেগু, তামিল ও মালয়ালম সিনেমায় প্রায় এক ডজনের বেশি চরিত্রে দেখা গেছে। চরিত্র এবং গল্প বাছাইয়ে খুবই চুজি হওয়ায় প্রতিটি কাজের জন্য তিনি ধৈর্য ধরেন।
গত বছর কল্যাণী লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা সিনেমার মাধ্যমে অভাবনীয় সাফল্য পান। মাত্র ৩০ কোটি বাজেটের সিনেমাটি আয়ের দিক থেকে ৩০০ কোটি রুপি ছাড়িয়ে যায় এবং মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমা হিসেবে রেকর্ড করে। লোকাহ-র সাফল্যের ফলে তিনি দেশজুড়ে পরিচিতি পান।
এবারের বলিউড অভিষেকের জন্য কল্যাণীকে দেখা যাবে পরিচালক জয় মেহতার প্রলয় সিনেমায়। সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন রণবীর সিং। দুই ইন্ডাস্ট্রির এই দুই জনপ্রিয় তারকা একসঙ্গে বড় পর্দায় আসছেন—কল্যাণী সর্বোচ্চ ব্যবসা করা মালয়ালম সিনেমার তারকা, আর রণবীরের ধুরন্ধর বলিউডে গত বছরের অন্যতম বক্স অফিস হিট।
প্রলয় সিনেমার প্রি-প্রোডাকশন কাজ শুরু হবে আগামী এপ্রিল, আর শুটিং জুলাই বা আগস্ট থেকে। সিনেমার গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে ভবিষ্যতের পৃথিবী, পৌরাণিক রূপকথা এবং অতিপ্রাকৃত শক্তি। সিনেমার অধিকাংশ অংশে থাকবে বিস্তৃত ভিএফএক্স, যা এটিকে রণবীরের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হিসেবে পরিচিত করবে।
প্রযোজনা দায়িত্বে থাকছেন রণবীর সিং নিজে, তার প্রযোজনা প্রতিষ্ঠান মা কসম ফিল্মস সহপ্রযোজক হিসেবে যুক্ত। দর্শকদের কাছে এই নতুন জুটি এবং সিনেমার গল্প বিশেষভাবে আকর্ষণীয় হবে বলে ধারণা করা হচ্ছে।

