রাজশাহী প্রতিনিধি :
নেশার টাকা না পেয়ে রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকায় এক মাদকাসক্ত ছেলে তার মাকে হত্যা করেছে। গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহীর চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য রাজশাহী মেডিকলে কলেজের মর্গে পাঠিয়েছে। তবে স্থানীয়রা ওই মাদকাসক্ত ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে।
নিহতের নাম সোহাগী বেগম (৫৫)। তিনি নগরীর খড়খড়ি এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। আটক মাদকাসক্ত ছেলের নাম সুমন।
স্থানীয়রা জানান, সুমন দীর্ঘদিন ধরে বখাটে স্বভাবের ও মাদকাসক্ত। শনিবার দিবাগত রাতে সুমন নেশা করার জন্য মায়ের কাছে টাকা দাবি করে। এতে মা সোহাগী টাকা দিতে না চাইলে ক্ষিপ্ত হয় সুমন। একপর্যায়ে সুমন ধারালো অস্ত্র দিয়ে তার মাকে এলোপাথাড়িভাবে আঘাত করে। ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা সোহাগী বেগম আহত হলে তাকে ছেলে সুমন টেনে হেচড়ে রাস্তায় ফেলে দেয়। এতে সোহাগী ঘটনাস্থলেই মারা যান। পরে ছেলে সুমন পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

