অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ! দীর্ঘ সাত বছরের লুকোচুরি আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এক হলেন দক্ষিণি সিনেমার সবচেয়ে চর্চিত জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের ‘দ্য মেমেন্টোস’ রিসোর্টে রাজকীয় আয়োজনে সম্পন্ন হলো ‘বিরোশ’-এর বিয়ে। বিয়ের প্রথম ছবি প্রকাশ পেতেই নেটদুনিয়ায় বইছে আনন্দের বন্যা।

বিজয় ও রাশমিকা—দুজন দুই সংস্কৃতির। তাই বিয়েতেও ছিল ঐতিহ্যের ছোঁয়া। সকালে তেলুগু রীতিতে বিয়ের পর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় রাশমিকার পরিবারের ‘কোডাভা’ রীতির অনুষ্ঠান। প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাশমিকা সেজেছিলেন ডিজাইনার অনামিকা খান্নার তৈরি বিশেষ লাল পাড়ের শাড়িতে, যাতে ফুটে উঠেছে হায়দ্রাবাদের ঐতিহাসিক স্থাপত্য। অন্যদিকে বিজয় বেছে নিয়েছিলেন ঐতিহ্যবাহী সাদা ধুতি আর লাল উত্তরীয়। কপালে তেলুগু বিয়ের অবিচ্ছেদ্য অংশ ‘বাসিকম’ পরিহিত বিজয়ের উপস্থিতি ছিল একেবারে রাজকীয়।

বিয়ের পর ইনস্টাগ্রামে একে অপরের প্রতি ভালোবাসা উগরে দিয়েছেন এই নবদম্পতি। রাশমিকা লিখেছেন, “এই মানুষটি আমাকে শিখিয়েছেন সত্যিকারের ভালোবাসা আর শান্তি কাকে বলে।” অন্যদিকে বিজয় তাঁর অনুভূতি জানিয়ে লিখেছেন, “ঘর ও শান্তির অনুভূতির জন্য যার প্রয়োজন ছিল, সেই সেরা বন্ধুকেই আজ স্ত্রী হিসেবে পাশে পেলাম।”

বিয়ের আগের অনুষ্ঠানগুলোও ছিল বেশ জমানো। সঙ্গীত অনুষ্ঠানে রাশমিকা তাঁর সুপারহিট মুভি ‘পুষ্পা ২’-এর ‘অঙ্গারোঁ’ গানে নেচে বিজয়কে চমকে দেন। পাল্টা জবাবে বিজয়ও নেচেছেন ‘গানগনাম’ স্টাইলে। রাশমিকা কে-ড্রামার ভক্ত হওয়ায় পুরো আয়োজনে ছিল ‘কে-ড্রামা’ থিমের ছোঁয়া, এমনকি কেকটিও ছিল সেই থিমেই। ছিল গানের কলি খেলা, যেখানে অংশ নিয়েছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা থেকে শুরু করে অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন ও ঈশা রেব্বাসহ আরও অনেকে।

রাজকীয় এই বিয়ের রেশ কাটতে না কাটতেই এখন অপেক্ষা রিসেপশনের। আগামী ৪ মার্চ হায়দ্রাবাদে বসবে সেই তারার মেলা। বিজয় ও রাশমিকার এই নতুন জীবনের জন্য আমাদের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা।

