বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল দলে না নেওয়ার ঘটনায় বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুনভাবে উত্তেজনার মুখে পড়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ সরকার আইপিএলের সম্প্রচার ও প্রচার সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে।
এই পরিস্থিতিতে ভারতের টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, “যতক্ষণ আমাদের টেলিভিশন ভারতে সম্প্রচার করতে পারবে না, ততক্ষণ ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।”
সোহেল রানা আরও মন্তব্য করেছেন, “ভারতীয় টেলিভিশনের বউ-শাশুড়ি ঝগড়া মার্কা নাটকগুলো আমাদের সামাজিক বন্ধনকে ক্ষতিগ্রস্ত করছে।”
মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (KKR) দলে অন্তর্ভুক্ত করার জন্য আইপিএলের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেওয়া হয়েছিল। তবে দেশীয় ও রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে কেকেআরের মালিক শাহরুখ খান ও টিম ম্যানেজমেন্ট মোস্তাফিজকে দলে না নেওয়ার জন্য চাপের মুখে পড়ে। ৩ জানুয়ারি বিসিসিআই কেকেআরকে মোস্তাফিজ বাদ দেওয়ার নির্দেশ দেয়।
ঘটনা প্রকাশ্যে আসার পর দেশে-বিদেশে সমালোচনা শুরু হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় কড়া অবস্থান নেয়। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে অংশগ্রহণে অনীহা প্রকাশ করে এবং ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে চিঠি পাঠায়।

