ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয় কর্মীকে বিএনপির প্রার্থীর নির্বাচনী প্রচারে অংশগ্রহণের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান ভূইয়া এ নোটিশ প্রদান করেন।
নোটিশপ্রাপ্তরা হলেন: মনিরুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক,মনির হোসেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, জুবায়ের মাহমুদ, ফরিদ আহম্মদ, নেপাল চন্দ্র দাস, বিল্লাল হোসেন, স্বাস্থ্য সহকারী।সরকারি চাকরি থাকা সত্ত্বেও তারা প্রকাশ্যে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নির্বাচনী কাজে অংশগ্রহণ করেছেন। তাই তাঁদের বিরুদ্ধে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, জামায়াতের প্রার্থী মাওলানা শিবলী নোমানী এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।
শোকজ নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের ১০ নভেম্বর ২০২৫ সালের প্রজ্ঞাপনের ২০(খ) ধারা অনুযায়ী সরকারি কর্মকর্তা/কর্মচারীর জন্য রাজনৈতিক সভা, সমাবেশ ও প্রচার-প্রচারণায় অংশগ্রহণ নিষিদ্ধ। এই বিধি অমান্য করায় তিন কর্মদিবসের মধ্যে তারা কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তা লিখিতভাবে জানাতে হবে।
কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান ভূইয়া প্রথম আলোকে জানান, সরকারি নির্দেশ অমান্য করায় তাঁদের শোকজ করা হয়েছে। ভবিষ্যতে পুনরায় এমন ঘটনা ঘটলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

