বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক এবং দোকানপাটের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে, যা আগের সময়ের তুলনায় এক ঘণ্টা কম। ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে আনুষঙ্গিক কার্যক্রম শেষে বিকেল ৪টার মধ্যে বন্ধ হবে।
এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে দেশের মার্কেট, শপিংমল ও সাধারণ দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান, খাবারের হোটেলসহ কিছু জরুরি সেবা এই নির্দেশনার বাইরে থাকবে।
সরকার জানিয়েছে, জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়কে কঠোরভাবে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

