আর্জেন্টিনার গোলপোস্টের দীর্ঘদিনের প্রহরী সার্জিও রোমেরো ৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানিয়েছেন। আলবিসেলেস্তাদের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই গোলরক্ষক দেশের হয়ে ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত ৯৬টি ম্যাচে আস্থা ও নির্ভরতার প্রতীক ছিলেন।
২০১৪ বিশ্বকাপের ফাইনাল এবং টানা দুই কপা আমেরিকায় রানার্সআপ হওয়ার পথে তার গ্লাভসই দলের জন্য নির্ভরযোগ্য হয়ে দাঁড়িয়েছিল। জাতীয় দলের পাশাপাশি ক্লাব ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘ সময় কাটিয়েছেন; বেঞ্চে বসেও সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ৩৯টি ক্লিনশিট রেখে সমর্থকদের মন জয় করেছেন তিনি।
রোমেরো ভেলেন্সিয়া ও বোকা জুনিয়র্সের হয়ে গোলপোস্টের দায়িত্ব পালন করেছেন। ইনজুরি ও ফর্মের পড়তি কারণে গত ডিসেম্বরে ফ্রি এজেন্ট হওয়ার পর এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
২০০৮ সালের অলিম্পিকে সোনা জিতেছিলেন এই তারকা। মাঠ ছেড়ে গেলেও রোমেরো ফুটবল ছাড়ছেন না; তার লক্ষ্য এখন কোচিং ক্যারিয়ার শুরু করা এবং ডাগ-আউটেই তার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করছেন।

