নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের ফলে পূর্বনির্ধারিত ৮ মার্চের পরিবর্তে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকেই দেশের সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি শুরু হচ্ছে। রমজানের শুরু থেকেই শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতেই আদালত এই নির্দেশনা দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধর্মীয় উৎসবের কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) খুলছে দেশের সব স্কুল, কলেজ ও মাদরাসা। উল্লেখ্য, নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি এবং এরপর শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটির পর আজ রোববার ‘শিবরাত্রি ব্রত’ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ফেব্রুয়ারির শুরুতেও মাঘী পূর্ণিমা ও শবে বরাত উপলক্ষে কয়েক দফায় ছুটি কাটিয়েছেন শিক্ষার্থীরা।
চলতি বছরের শিক্ষাপঞ্জি অনুযায়ী মোট ৬৪ দিন ছুটি নির্ধারিত রয়েছে। আগের তালিকায় ৮ মার্চ থেকে পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস মিলিয়ে টানা ১৯ দিনের ছুটির কথা ছিল। তবে হাইকোর্টের নতুন আদেশে মাধ্যমিক পর্যায়ে এই ছুটি ১৮ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে। দীর্ঘ এই অবকাশ শেষে আগামী ২৯ মার্চ থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে।
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি: ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত টানা ১২ দিন (সাপ্তাহিক ছুটিসহ)।
দুর্গাপূজা: ৫ দিনের ছুটি। লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমা এবং ফাতেহা-ই-ইয়াজদহমে এক দিন করে ছুটি থাকবে।
প্রতিষ্ঠানপ্রধানদের হাতে সংরক্ষিত ২ দিনের ছুটি ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো আগের নিয়মেই পালিত হবে। তবে রমজানের এই আগাম ছুটি ঘোষণা সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে।

