ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে এবং বিকেল ৫টা পর্যন্ত কার্যক্রম চলবে।
এর আগে প্রথম দিনে (১০ জানুয়ারি) ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়। প্রথম দিনের সিদ্ধান্তে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৫১টি আপিল মঞ্জুর করা হয়েছে। অন্যদিকে, মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একটি আপিল মঞ্জুর হয়ে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস. এ. কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া ১৫টি আবেদন নামঞ্জুর ও ৩টি অপেক্ষমাণ রাখা হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার (১২ জানুয়ারি) ১৪১–২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১–২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলবে।
তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

