মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পরিবারের সঙ্গে অভিমানের জেরে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারিয়া আক্তার (১৪) নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার নাগাইশ গ্রামের বাসিন্দা স্বপন হাসানের মেয়ে।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে মারিয়ার মনোমালিন্য হয়। এর জেরে বিকেলে সে নিজ ঘরের দরজা জানালা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ করা হয়।
পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানভীর হোসেন তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে স্থানীয়রা জানান, ঘটনাটি এলাকায় শোকের সৃষ্টি করেছে।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ তদন্ত টমাস বরুয়া ঘটনার সততা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে আয়নার ব্যবস্থা গ্রহণ করা হবে।

