ক্রাইম রিপোর্টার:
রংপুর সদর উপজেলার কোতয়ালী থানাধীন পালিচড়া এলাকায় মিম খাতুন (১৬) নামে এক স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত মিম স্থানীয় ভেলু (পূর্বপাড়া) গ্রামের মোঃ মোকলেছ মিয়ার মেয়ে এবং রূপসী হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।
পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিম মানসিক সমস্যায় ভুগছিল এবং পড়াশোনায় তার মনোযোগ কমে যাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। গত মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজের শয়নকক্ষে ঘাস মারা কীটনাশক পান করে সে। বমির শব্দ পেয়ে মা-বাবা ঘরে গিয়ে তাকে ছটফট করতে দেখেন।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। আজ বুধবার (৮ এপ্রিল) ভোর আনুমানিক ৫:৩০ মিনিটে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে মিম।
নিহতের বাবা মোঃ মোকলেছ মিয়া জানান, মেয়ের মানসিক অসুস্থতার কারণেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ বিষয়ে তাদের কোনো সন্দেহ বা অভিযোগ নেই। শোকাতুর বাবা আজ দুপুরে কোতয়ালী (সদর) থানায় উপস্থিত হয়ে লিখিতভাবে বিষয়টি অবহিত করেন।
রংপুর সসদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) মোঃ জহুরুল হক বলেন, পরিবারের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) সংবাদ প্রদান করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং বিষয়টি মানসিক বিষণ্নতাজনিত হওয়ায় পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
এই অকাল মৃত্যুতে এলাকায় এবং নিহতের শিক্ষা প্রতিষ্ঠানে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

