লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এসএসসি টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দাবীতে প্রধান ফটক বন্ধ করে প্রতিবাদ করেছেন। ৪ ডিসেম্বর দুপুর ২টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে এবং ফটক বন্ধ করে তারা অবরোধ সৃষ্টি করে। এ সময় শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ের ভিতরে আটকা পড়েন।
লালমনিরহাট সদর থানার ওসি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও আগুন নিভিয়ে দেন, এরপর ছাত্র-ছাত্রীরা অবরোধ তুলে নেন। জানা গেছে, ১ বিষয়ে ফেল করা ছাত্রদের টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে, কিন্তু একাধিক বিষয়ে ফেল করা ছাত্ররা উত্তীর্ণ হননি। লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৪৮ জন ছাত্র এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৯ জন ছাত্রী অকৃতকার্য হয়েছে।
অকৃতকার্য ছাত্র-ছাত্রীরা তাদের খারাপ ফলাফলের কারণে পুনরায় টেস্ট পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন দিয়েছে।


