কমল কৃষ্ণ দে, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সরকারের জন্য প্রেরিত খেজুর স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা এবং অসহায় ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। সৌদি আরবের বাদশাহ প্রতিষ্ঠিত ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে উপহার হিসেবে প্রাপ্ত এসব খেজুর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলা প্রাঙ্গণে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও মসজিদের প্রতিনিধি হস্তান্তরের মাধ্যমে উপহার গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান।
তিনি জানান, মাটিরাঙ্গা উপজেলায় মোট ১২ কার্টন খেজুর বরাদ্দ আসছিল। তা উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২৬টি মাদ্রাসা ও এতিমখানা এবং ১২টি মসজিদে আনুপাতিক হারে বিতরণ করা হয়েছে। আগামীতে এমন ধরনের কার্যক্রম হলে তা যথাযথ নিয়মে বাস্তবায়ন করা হবে।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্তিয়াক আহম্মদ, প্রকৌশলী রুহুল আমিন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপহার সামগ্রী পাওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

