জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কোনো রাজনৈতিক দলের ব্যানারে সীমাবদ্ধ না থাকার আহ্বান জানিয়েছেন।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সারজিস আলম বলেন, শহীদ পরিবার ও আহতদের উচিত গণ-অভ্যুত্থানের মূল চেতনা ধারণ করে সব ধরনের দলীয় রাজনীতির বাইরে থাকা। তিনি অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ‘অলিখিত সমঝোতা’ তৈরি হয়েছে, যা বিচার ও রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করছে।
তিনি আরও দাবি করেন, বিভিন্ন মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে ভুক্তভোগী পরিবার ও আহতদের হুমকি দিচ্ছে, যা উদ্বেগজনক।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, অতীতের বিভিন্ন দমনমূলক কাঠামো সংস্কার না করে বরং সেগুলো ব্যবহার করা হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর।
সভায় তিনি শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, কোনো দল যদি গণ-আকাঙ্ক্ষার বিপক্ষে যায়, তবে তার বিরুদ্ধেও সোচ্চার হতে হবে।

