রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সার্ক কৃষি কেন্দ্রের উদ্যোগে “সার্ক বই কর্নার”-এর উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি ভবনের মৎস্য বিভাগে এই বই কর্নারের উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. মো. হারুনুর রশীদ বলেন, সার্ক কৃষি কেন্দ্র সার্কের অধীনে গঠিত চারটি আঞ্চলিক সংস্থার একটি এবং এটি ঢাকায় অবস্থিত একটি উৎকর্ষ কেন্দ্র। এর প্রধান কার্যক্রমগুলোর মধ্যে কৃষি গবেষণা, প্রযুক্তি সম্প্রসারণ এবং তথ্য প্রচার।
তিনি আরও বলেন, ফসল, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, প্রাণিসম্পদ, মৎস্য, নীতি এবং উদ্যানতত্ত্ব এই ছয়টি বিষয়ভিত্তিক ক্ষেত্রের আওতায় সদস্য দেশগুলোতে গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠিত এই ‘সার্ক বই কর্নার’-এ ২০০-এর বেশি প্রকাশনা, সাময়িকী ও সংবাদপত্রিকা সংরক্ষিত রয়েছে। এই বই কর্নার শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ জ্ঞানভান্ডার হিসেবে কাজ করবে এবং একাডেমিক পড়াশোনা ও গবেষণা পদ্ধতি শেখার ক্ষেত্রে সহায়ক হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগেও বইয়ের গুরুত্ব কখনো কমে না; একটি বইয়ের নিজস্ব মর্যাদা ও গৌরব রয়েছে। উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৎস্য উৎপাদন চাহিদার তুলনায় বেশি হচ্ছে, যা দেশের জন্য একটি বড় সম্ভাবনা তৈরি করেছে। অতিরিক্ত উৎপাদিত মাছ ও মৎস্যজাত পণ্য আফ্রিকায় রপ্তানির সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে মৎস্য বিভাগের ডিন ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মো. ফরিদ উদ্দিন খান, কৃষি অনুষদের ডিন ড. মো. আরিফুর রহমান, ভেটেরিনারি ও প্রাণিসম্পদ অনুষদের ডিন ড. কে. এম. মোজাফফর হোসেনসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

