ইস্টার উপলক্ষে ইউক্রেন যুদ্ধের মাঠে ৩২ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থোডক্স ইস্টার উপলক্ষে এই বিরতির নির্দেশ দেন।
শুক্রবার (১০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ক্রেমলিনের ঘোষণা অনুযায়ী শনিবার বিকেল থেকে রোববার মধ্যরাত পর্যন্ত সব ফ্রন্টলাইনে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ থাকবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনা নেতৃত্বকে এ নির্দেশ বাস্তবায়নের কথা বলা হয়েছে, পাশাপাশি সম্ভাব্য উসকানি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশও এই যুদ্ধবিরতির সঙ্গে সমানভাবে এগোতে প্রস্তুত। তিনি বলেন, ইউক্রেন আগেই ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল এবং বর্তমান পরিস্থিতি শান্তির দিকে অগ্রসর হওয়ার একটি সুযোগ হতে পারে।
ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার অংশ নয় এবং এটি কোনো ত্রিপক্ষীয় শান্তি উদ্যোগও নয়। এর আগে একই ধরনের স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি ঘোষণা হলেও উভয় পক্ষ একে অপরকে লঙ্ঘনের অভিযোগ করেছিল।
চলমান চার বছরের সংঘাতের মধ্যে এই ৩২ ঘণ্টার বিরতিকে সাময়িক স্বস্তির সুযোগ হিসেবে দেখা হলেও বিশ্লেষকরা একে “পরীক্ষামূলক যুদ্ধবিরতি” হিসেবে উল্লেখ করছেন। তারা বলছেন, স্থায়ী শান্তির পথে অগ্রগতি এখনো অনিশ্চিত, কারণ দুই পক্ষের অবস্থানগত পার্থক্য এখনো বড় বাধা হয়ে রয়েছে।

